২৪ দিনের আন্দোলনে বড় জয় পড়ুয়াদের, TDPL-এর সব পরীক্ষা ও নিয়োগ বাতিল ঘোষণা সোরেনের

Spread the news

১৭ আগস্ট : ২৪ দিনের টানা আন্দোলনের পর অবশেষে পড়ুয়াদের দাবির কাছে নতি স্বীকার করল ঝাড়খণ্ড সরকার। সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘোষণা করেন, TDPL-এর মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা, প্রকাশিত ফলাফল, নির্বাচিত প্রার্থী এবং সংস্থাটির মাধ্যমে সম্পন্ন হওয়া যাবতীয় কার্যক্রম বাতিল করা হচ্ছে।

পাশাপাশি, ২০১৪ সাল থেকে রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে প্রবীণ আইএএস আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের কথাও জানান মুখ্যমন্ত্রী।

বিভিন্ন সরকারি পরীক্ষা পরিচালনার দায়িত্ব ঝাড়খণ্ড সরকার TDPL নামে একটি বেসরকারি সংস্থাকে দিয়েছিল। কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, এই সংস্থার মাধ্যমে পরিচালিত একাধিক নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। সেই কারণে পরীক্ষা ও নিয়োগ বাতিলের দাবিতে তাঁরা বিক্ষোভ ও অবস্থান শুরু করেন।
গত ২৪ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে সরকারি প্রতিনিধিরা একাধিকবার পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসেন। তবে দীর্ঘ আলোচনার পরও কোনও সমাধানসূত্র বের হয়নি। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন TDPL-এর মাধ্যমে হওয়া সমস্ত পরীক্ষা ও নিয়োগ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগকে সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। গত ২৪ দিন ধরে তাঁরা আন্দোলন করছেন এবং তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে তাঁদের বেশ কিছু দাবিও মেনে নেওয়া হয়েছে।

এর পরেই TDPL-এর মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা ও নিয়োগ বাতিলের ঘোষণা করেন হেমন্ত সোরেন। সরকারের এই সিদ্ধান্তকে আন্দোলনরত পড়ুয়ারা বড় জয় হিসেবেই দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *