মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : জনগণনা-২০২৭কে সামনে রেখে সোমবার থেকে শ্রীভূমি জেলাজুড়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ। সেল্ফ এনুমারেশনে গোটা অসমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীভূমি জেলা। ইতিমধ্যে জেলার ১ লক্ষ ৪১ হাজার ৪৪০টি পরিবার অনলাইনে স্ব-গণনা প্রক্রিয়া সম্পন্ন করেছে।
প্রথম পর্যায়ের গৃহতালিকা প্রস্তুত ও গৃহগণনার অংশ হিসেবে গত ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে অনলাইনে নিজেদের পরিবারের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। স্ব-গণনা সম্পন্ন করার পর প্রতিটি পরিবারকে একটি সেল্ফ এনুমারেশন আইডি দেওয়া হয়েছে।

এবার সেই অনলাইনে জমা দেওয়া তথ্যের বাস্তবতা যাচাই করতে ১৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এনুমারেটররা বাড়ি বাড়ি যাবেন। পরিবারের কাছ থেকে পাওয়া সেল্ফ এনুমারেশন আইডির মাধ্যমে অনলাইনে জমা দেওয়া তথ্যের সঙ্গে সরেজমিনে পরিস্থিতি মিলিয়ে দেখা হবে। একইসঙ্গে যেসব পরিবার স্ব-গণনা করতে পারেনি, তাঁদের প্রয়োজনীয় তথ্যও বাড়িতে গিয়ে সংগ্রহ করবেন গণনাকারীরা।
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এবারের জনগণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক নীতি নির্ধারণ এবং সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি পরিবারের সঠিক তথ্য নথিভুক্ত হওয়া জরুরি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে এনুমারেটরদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। বাড়িতে গণনাকারীরা গেলে তাঁদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়ার পাশাপাশি সেল্ফ এনুমারেশন আইডি থাকলে তা দেখানোর অনুরোধ করা হয়েছে।

এছাড়া যেসব বাড়িতে পোষা কুকুর বা অন্য প্রাণী রয়েছে, সেসব পরিবারের সদস্যদের এনুমারেটরদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে প্রশাসন।
শ্রীভূমিতে সেল্ফ এনুমারেশনে এই সাফল্য জেলার মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন বলে মনে করছে প্রশাসন। এখন বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের পর্বেও সাধারণ মানুষের একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।



