মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট: পাথারকান্দির বাজারিছড়া জিপির ছাগলমোহা গ্রামের বিজেপি বুথ সভাপতি বিকাশ ধর হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়ে উঠল লোয়াইরপোয়া জিপির ১০ নম্বর ওয়ার্ডের বড়ছবড়ি গ্রামের মানুষ। সোমবার হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্রামের সর্বস্তরের মানুষ পথে নেমে তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তাঁরা। প্রতিবাদ কর্মসূচিতে গ্রামবাসীদের মূল দাবি ছিল, বিকাশ ধর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দিতে হবে। পাশাপাশি অভিযুক্তদের ফাঁসির দাবিতেও সরব হন তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ, একজন মানুষকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সাজ উদ্দিন, বুথ সভাপতি লুৎফুর রহমান, বারুল হক, ফয়জুর রহমান, সাবির আহমেদ ও সাহাব উদ্দিন আব্দুল মুতলিব-সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও বহু যুবক ও প্রায় শতাধিক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।



