পাথারকান্দিতে পুলিশের বড় সাফল্য, অটোর নিচে ৭১১ বোতল কফ সিরাপ উদ্ধার

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট :
পাথারকান্দিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। অটোরিকশার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ ত্রিপুরায় পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে মোট ৭১১ বোতল কফ সিরাপ। ঘটনায় অটোচালক দুরুধ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পাচারে ব্যবহৃত অটোরিকশাটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে পাথারকান্দি থানার ওসি বিশ্বজিৎ দেউরির নেতৃত্বে এবং এসআই হীরক জ্যোতি দাস-সহ একটি দল মইনা বাইপাস এলাকায় নজরদারি চালায়। খবর ছিল, বিপুল পরিমাণ কফ সিরাপ নিয়ে একটি অটোরিকশা পাথারকান্দি হয়ে ত্রিপুরার দিকে যাবে।

এরপর শ্রীভূমির দিক থেকে ত্রিপুরাগামী TR 02 B4000 নম্বরের অটোরিকশাটিকে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ। প্রাথমিক তল্লাশিতে কিছু না মেলায় অটোর বিভিন্ন অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। তখনই অটোর নিচের বিশেষভাবে তৈরি গোপন জায়গায় কয়েকটি বস্তার সন্ধান মেলে। বস্তাগুলি খুলতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। গণনার পর মোট ৭১১ বোতল উদ্ধার হয়।

ধৃত দুরুধ মিয়া উত্তর ত্রিপুরার সোনাপুর গ্রামের বাসিন্দা এবং রহিম আলির ছেলে বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, চালানটি ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই চালানের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য পাচারচক্রের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *