১৪ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। দেশ ও বিদেশের সমস্ত ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশ স্বাধীনতার ৮০তম বর্ষে পদার্পণ করবে। তবে এদিনের ভাষণের অন্যতম ঐতিহাসিক দিক হলো, ইতিহাসে এই প্রথম রাষ্ট্রপতির ভাষণের ঠিক আগে ‘বন্দে মাতরম’ পরিবেশিত হয় এবং তারপরেই জাতীয় সংগীত ‘জনগণমন’ বাজানো হয়। নিজের ভাষণে রাষ্ট্রপতি দেশভাগের ক্ষত, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক অগ্রগতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন।
স্বাধীনতার প্রকৃত অর্থ ব্যাখ্যা করে রাষ্ট্রপতি বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট মাতৃভূমি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল এবং স্বাধীন ভারতের ভাগ্য নির্মাণের দায়িত্ব নাগরিকদের হাতে এসেছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারতকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তুলতে হবে।
১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ হিসেবে পালিত হওয়ায় দেশভাগের সেই মর্মান্তিক স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, দেশভাগের সময় হিংসায় প্রাণ হারানো এবং ঘরছাড়া হওয়া লক্ষ লক্ষ মানুষকে এই দিনে স্মরণ করা হয়। পাশাপাশি, দেশের সংবিধান নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।



