দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার ভাগা বাজার গ্রাম পঞ্চায়েতে সরকারি ঘর ও বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়া এবং দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগকারী রুনা বেগম জানান, তাঁকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে ৮ হাজার টাকা নেওয়া হয়। পরে পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে আরও ২ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। কিন্তু এত টাকা দেওয়ার পরও তিনি আজ পর্যন্ত কোনও সরকারি ঘরের সুবিধা পাননি বলে দাবি করেছেন।
অন্যদিকে, আয়ারুন নেসা অভিযোগ করেন, সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি কোনও সরকারি সুবিধা পাননি।
এছাড়াও আপ্তারুন নেসার অভিযোগ করেন, সরকারি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গত পাঁচ বছর ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও সুবিধা মেলেনি বলে তার দাবি।
শুক্রবার মহিলারা ভাগা বাজার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যার প্রতিনিধি সাবির আহমদের দ্বারস্থ হয়ে অভিযোগগুলো তুলে ধরেন।
অভিযোগকারী মহিলাদের বক্তব্য অনুযায়ী, তারা সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, এমনকি অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত রয়েছেন। সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়েছে এবং বছরের পর বছর ধরে তাদের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ।



