শিলচর মেডিক্যাল কলেজের নয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ-কাম-চিফ সুপারিনটেনডেন্ট ডাঃ অভিজিৎ স্বামী

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ-কাম-চিফ সুপারিনটেনডেন্ট পদে প্রশাসনিক রদবদল করল অসম সরকার। মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ অভিজিৎ স্বামীকে হাসপাতালের নয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ-কাম-চিফ সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ-কাম-চিফ সুপারিনটেনডেন্টের দায়িত্ব থেকে ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডাঃ ভাস্কর গুপ্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।

অন্যদিকে, ডাঃ অভিজিৎ স্বামীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দায়িত্ব পালন করতে বলা হয়েছে। অসম সরকারের মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের কমিশনার ও সচিব ডাঃ সিদ্ধার্থ সিং (আইএএস) এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবারই ডাঃ অভিজিৎ স্বামী নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। প্রশাসনিক এই রদবদলের মধ্য দিয়ে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন নেতৃত্বের সূচনা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *