নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের আবেগে মুখর হয়ে উঠল সোনাই শহর। বৃহস্পতিবার বিকেলে সোনাই মণ্ডল বিজেপি ও সোনাই পুরসভার যৌথ উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে আয়োজন করা হয় বিশাল তেরঙা যাত্রার।
জাতীয় পতাকা হাতে নিয়ে এই পদযাত্রায় বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। বিভিন্ন সড়ক পরিক্রমা করে পদযাত্রাটি সোনাই পুরসভার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

তেরঙা যাত্রায় উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা, সম্পাদক দীপুকুমার দাস, সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম, দলীয় প্রভারি শিতাংশু দাস এবং প্রাক্তন মণ্ডল সভাপতি ভজন সেন। এছাড়াও বিজেপির অসংখ্য কর্মী-সমর্থক ও স্থানীয় নাগরিকরা এতে অংশ নেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই তেরঙা যাত্রার আয়োজন করা হয়েছে। জাতীয় পতাকার মর্যাদা ও দেশের প্রতি মানুষের ভালোবাসাকে আরও সুদৃঢ় করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান তাঁরা।



