দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ধলাই-নরসিংহপুর মণ্ডলের উদ্যোগে বুধবার আয়োজিত হল বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে এতে অংশ নেন।
বুধবার ধলাই পিএমশ্রী বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের সামনে থেকে তেরঙ্গা যাত্রার সূচনা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা ইঅ্যান্ডডি রোড হয়ে ধলাই বাজার পরিক্রমা করেন। পরে জাতীয় সড়ক ধরে যাত্রাটি পুনরায় বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
যাত্রাপথে দেশাত্মবোধক স্লোগান ও দেশপ্রেমের বার্তায় মুখর হয়ে ওঠে ধলাইয়ের রাজপথ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ, প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস, ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস, মণ্ডল সাধারণ সম্পাদক প্রীতিশ দাস-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা। বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা এবং দেশের প্রতি নাগরিকদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
তাঁদের বক্তব্যে, তেরঙ্গা কেবল একটি জাতীয় পতাকা নয়, এটি দেশের ঐক্য, অখণ্ডতা ও গৌরবের প্রতীক।
বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধলাই-নরসিংপুর মণ্ডলের তেরঙ্গা যাত্রা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।



