বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বরাক উপত্যকার জেলাগুলির উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি ফের জোরালো হয়েছে। এই দাবিতে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের কাছে আবেদন জানালেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। সোমবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এক আবেদনপত্র তুলে দেন। আবেদনে বলেন, বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি কোনও নতুন বিষয় নয় এবং এটি কোনও নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট দাবিও নয়। বরং বরাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার মানুষের ন্যায়বিচারে সমান সুযোগ, বিচারব্যবস্থায় সহজ প্রবেশাধিকার, প্রশাসনিক দক্ষতা এবং ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়নের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে এই দাবি যুক্ত।
বলেন, কয়েক দশক ধরে কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি ও ডিমা হাসাও জেলার মামলাকারী, আইনজীবী এবং সাধারণ নাগরিকদের হাইকোর্টের প্রধান বেঞ্চে বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। গৌহাটি থেকে বরাক উপত্যকার দূরত্ব, দুর্বল পরিবহণ ব্যবস্থা এবং যাতায়াতের নানা প্রতিবন্ধকতার কারণে তাঁদের বিপুল অর্থ ও মূল্যবান সময় ব্যয় হচ্ছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার মধ্যে রেল ও সড়ক যোগাযোগ বছরের বিভিন্ন সময়ে বন্যা, ভূমিধসসহ নানা কারণে ব্যাহত হয়। ফলে বরাক উপত্যকার বহু মামলাকারীকে প্রায় ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে গৌহাটিতে যেতে হয়। এর প্রভাব পড়ছে বিচারপ্রক্রিয়ার গতির ওপরও। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বহু মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন থেকে যাচ্ছে বলেও আবেদনে দাবি করা হয়েছে।
এদিকে, সাম্প্রতিক বছরগুলিতে বরাক উপত্যকার জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মামলার সংখ্যা ও জটিলতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে এই অঞ্চলের প্রশাসনিক ও পরিকাঠামোগত সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। বরাক উপত্যকায় মিনি সচিবালয় প্রতিষ্ঠা এবং অসম সরকারের অধীনে পৃথক বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠনকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এসব উন্নয়ন সত্ত্বেও গৌহাটিতে অবস্থিত হাইকোর্টের প্রধান বেঞ্চের সঙ্গে ভৌগোলিক দূরত্ব ও যোগাযোগের সমস্যা এখনও বরাক উপত্যকার মানুষের কার্যকরভাবে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এই পরিস্থিতিতে বর্তমান বাস্তবতা এবং নাগরিকদের জন্য অর্থবহ ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করার সাংবিধানিক দায়বদ্ধতার কথা বিবেচনা করে বিষয়টি নতুন করে নিরপেক্ষ ও সমন্বিতভাবে পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।
বরাক উপত্যকার বিপুল সংখ্যক মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে অসমের উপযুক্ত স্থানে গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়টি সদয়ভাবে বিবেচনা করার জন্য কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।



