যোরহাটে সুলভ মূল্যের দোকান, জল সরবরাহ প্রকল্প ও গান্ধী পার্ক পরিদর্শন কৌশিক রায়ের

Spread the news

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : যোরহাটের ঘরফলিয়া গ্রামে অবস্থিত সরুচরাই গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি লিমিটেডের অধীন একটি সুলভ মূল্যের দোকান পরিদর্শন করে আজ সরবরাহ ব্যবস্থা-সহ বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পরিদর্শনকালে ই-পিওএস যন্ত্রের মাধ্যমে লেনদেন, খাদ্যশস্যের মজুত ও প্রাপ্যতা, চলতি ‘অন্ন সেবা দিবস’-এর পরিস্থিতি এবং আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে চলা ভর্তুকিযুক্ত ডাল ও চিনি বিতরণের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি উপস্থিত রেশন কার্ডধারী উপভোক্তাদের সঙ্গে মতবিনিময় করে পরিষেবার মান সম্পর্কেও খোঁজ নেওয়া হয়। সাধারণ মানুষ যাতে কোনও অসুবিধা ছাড়াই সময়মতো তাঁদের প্রাপ্য রেশন সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে টিয়ক বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ শইকিয়া, খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা দফতরের সচিব অনসূয়া দত্ত বরুয়া, AFCSCL-এর পরিচালন সঞ্চালক পারিজাত ভূঁইয়া এবং জেলা প্রশাসনের প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা দফতরের অধীনে যোরহাট জেলায় নির্মীয়মাণ জল সরবরাহ প্রকল্পটিও পরিদর্শন করা হয়। প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। যোরহাট জল সরবরাহ প্রকল্পটি সম্পূর্ণ হলে বৃহত্তর এলাকার বাসিন্দারা যথেষ্ট উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

প্রকল্প পরিদর্শনের সময় পুরপতি লক্ষ্মী খারঘরীয়া, পুর প্রশাসন সঞ্চালকালয়ের পরিচালক টংকেশ্বর দাস, স্বচ্ছ ভারত মিশনের পরিচালন সঞ্চালক সব্যসাচী কাশ্যপ, অম্রুতের অতিরিক্ত পরিচালন সঞ্চালক শান্তনু সূত্রধর, মুখ্য প্রকৌশলী নগেন কলিতা এবং প্রশাসনের প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এরপর যোরহাটের ‘গান্ধী পার্ক’ পরিদর্শন করে পার্কটির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পার্কটির সৌন্দর্যায়ন এবং স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য জরুরি সংস্কার ও পুনর্নির্মাণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। স্থানটিকে নতুন রূপে সাজিয়ে সকলের অবসর ও বিনোদনের একটি অনন্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গান্ধী পার্ক পরিদর্শনের সময়ও পুরপতি লক্ষ্মী খারঘরীয়া, পুর প্রশাসন সঞ্চালকালয়ের পরিচালক টংকেশ্বর দাস, স্বচ্ছ ভারত মিশনের পরিচালন সঞ্চালক সব্যসাচী কাশ্যপ, মুখ্য প্রকৌশলী নগেন কলিতা এবং প্রশাসনের প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *