৮ আগস্ট : ঝাড়খণ্ডে সরকারি চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনে শুক্রবার উত্তেজনা ছড়ায় রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে। আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তীব্র বিরোধিতার মুখে পড়েন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয় সভাপতি নেহা বোরা। বিক্ষোভকারীদের একাংশ তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেয় এবং তাঁর মুখে কালি ছোড়া হয়। ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।
রাজ্যের JPSC, JSSC, CGL-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে কয়েক হাজার চাকরিপ্রার্থী আন্দোলন করছেন। তাঁদের বক্তব্য, আন্দোলনটি কোনও রাজনৈতিক দল বা বাইরের সংগঠনের প্রভাবমুক্ত রাখা হবে।
এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের সমর্থনে নেহা বোরা স্টেডিয়ামে পৌঁছে মঞ্চে বক্তব্য শুরু করতে গেলে ভিড়ের একাংশ তাঁর বিরোধিতা করে স্লোগান দিতে শুরু করে। আন্দোলনকারীদের একটি অংশ দাবি করে, কোনও রাজনৈতিক দল বা সংগঠনের নেতাকে আন্দোলনের মঞ্চ ব্যবহার করতে দেওয়া হবে না। এরপর উত্তেজনার মধ্যেই কয়েকজন বিক্ষোভকারী তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেন। পরে এক ব্যক্তি তাঁর দিকে কালি ছুড়ে মারেন। ঘটনায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।
আন্দোলনকারীদের দাবি, ২০১৯ সালের পর অনুষ্ঠিত JSSC CGL, JSSC JE ও PGT-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের তদন্ত করতে হবে। তাঁদের আরও দাবি, সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ সংক্রান্ত অভিযোগের সিবিআই তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিভাগভিত্তিক কাট-অফ প্রকাশ এবং OMR ও রেসপন্স শিট প্রকাশ করতে হবে। পাশাপাশি UPSC ও SSC-এর ধাঁচে নিয়োগ ক্যালেন্ডার চালুর দাবিও জানিয়েছেন তাঁরা।
ঘটনাটি ঘিরে আন্দোলনে রাজনৈতিক বা আদর্শগত সংগঠনের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলনকারীদের একাংশ স্পষ্ট করেছেন, দাবির প্রতি সমর্থন থাকলেও কোনও সংগঠনের প্রতিনিধিকে তাঁদের প্রতিবাদের মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হবে না।



