‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্প শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করবে : আমিনুল হক

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট :
অসম সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ উপলক্ষে আয়োজিত রাজ্যব্যাপী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং আজ মাধবচন্দ্র দাস কলেজ, সোনাইয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। কলেজ পরিচালন সমিতির সভাপতি একে আজাদ লস্করের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, অসম সরকার শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন যুগান্তকারী প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্প শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করবে এবং আর্থিক সহায়তার মাধ্যমে তাদের স্বপ্নপূরণে সহায়ক হবে। তিনি যোগ্য সকল শিক্ষার্থীকে সময়মতো আবেদন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানান।

প্রারম্ভিক বক্তব্যে কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, রাজ্য সরকারের এই শিক্ষাবান্ধব প্রকল্প দু’টি ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। তিনি যোগ্য সকল শিক্ষার্থীকে সরকারি নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে আবেদন করার আহ্বান জানান এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরপর বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর। তিনি প্রকল্প দু’টির উদ্দেশ্য, আবেদন করার যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনপত্র পূরণের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অধ্যাপক খালেদ আজম মজুমদারও সরকারি গাইডলাইন অনুযায়ী আবেদন প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা সরকারের প্রকাশিত গাইডলাইন অনুযায়ী প্রকল্প দু’টির বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। সভা শেষে উপস্থিত যোগ্য শিক্ষার্থীদের মধ্যে আবেদনপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. আব্দুল বাসিত লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *