বরাক তরঙ্গ, ৬ আগস্ট : অসম সরকারের উচ্চশিক্ষা-ভিত্তিক কল্যাণমূলক প্রকল্প ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ এবং ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’-র আবেদনপত্র বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার শিলচরের রাধামাধব কলেজে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন গুয়াহাটির পাঞ্জাবাড়িস্থিত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত রাজ্যস্তরের কেন্দ্রীয় অনুষ্ঠান কলেজের অডিটোরিয়ামে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়। শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে কয়েকজন যোগ্য শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে দুই প্রকল্পের আবেদনপত্র তুলে দেওয়া হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, এই দুই প্রকল্পের লক্ষ্য রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করা, শিক্ষার্থীদের পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা কমানো, বাল্যবিবাহ রোধ করা এবং ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান। তাঁর মতে, এই উদ্যোগের মাধ্যমে অসম সরকার শিক্ষার্থীদের ক্ষমতায়ন, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং শিক্ষিত সমাজ গঠনের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।
তিনি জানান, প্রকল্প দুটির আবেদনপত্র ইতিমধ্যেই সমস্ত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। পাশাপাশি আবেদনপত্রের পিডিএফ সংস্করণও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে সরবরাহ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই আবেদন করতে পারেন। রাধামাধব কলেজের পক্ষ থেকে প্রত্যেক যোগ্য শিক্ষার্থীকে প্রকল্প সম্পর্কে সচেতন করা এবং নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে আবেদনপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু আঁচনি’ প্রকল্পের নোডাল শিক্ষক ড. পিয়া দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘নিযুত মৈনা আঁচনি’ ও ‘নিযুত বাবু আঁচনি’ প্রকল্পের নোডাল শিক্ষক ড. স্বর্ণালী রায় চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, আইকিউএসি-র সমন্বয়কারী ড. রাহুল শরনিয়া, গ্রন্থাগারিক ড. সোনালি চৌধুরী এবং কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।



