বরাক তরঙ্গ, ৪ আগস্ট : শ্রীকোণা আইটিআই-এর দীর্ঘদিনের কর্মী ও সমাজকর্মী সুনীলচন্দ্র দেব গত ৩১ জুলাই চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। টানা ৩২ বছর ৪ মাস ৬ দিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর তাঁর বিদায় উপলক্ষে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বানেশ বরোর উপস্থিতিতে সুনীলচন্দ্র দেবকে উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া ও স্মারক উপহার প্রদান করে সম্মানিত করেন সহকর্মীরা।
এসময় বক্তারা তাঁর কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি শ্রীকোণা আইটিআই-এর উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুনীলচন্দ্র দেব বলেন, কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানের মাঠের উন্নয়ন, ক্যান্টিন নির্মাণ, সিসি ব্লক রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। অবসর গ্রহণের পরও প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, সুনীলচন্দ্র দেব ১৯৯৪ সালের ২৪ মার্চ কার্পেন্টার ইন্সট্রাক্টর হিসেবে শ্রীকোণা আইটিআই-এ যোগদান করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি অবসর গ্রহণ করেন।



