সম্পত্তি বিবাদ! পাষাণ ছেলের হাতে খুন জন্মদাত্রী মা, কালাইনের ভাটগ্রামে চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : নৃশংস হত্যাকাণ্ড ঘটল কাছাড় জেলার কালাইন থানা অধীন ভাটগ্রামে। দা দিয়ে কুপিয়ে হত্যা করল জন্মদাত্রী মাকে এক পাষাণ ছেলে। এই হৃদয়বিদারক ও নৃশংস ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ভাটগ্রামে। অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে নিজের জন্মদাত্রী জরিনা বেগমকে (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলতাই (৪০) দীর্ঘদিন ধরে বাড়িঘর বিক্রির জন্য মায়ের ওপর মানসিক চাপ সৃষ্টি করছিল। মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগে সে নিজের ঘরের ভেতরেই জরিনা বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। এ সময় আলতাই আরও এক মহিলার ওপর হামলা চালায়। হামলায় আলিমুন নেসা গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিযোগ, সম্পত্তির লোভ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *