বরাক তরঙ্গ, ৩ আগস্ট : সেনসাস ২০২৭-এর সেল্নুমারেশন পর্বকে সফল করতে হাইলাকান্দি জেলাজুড়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার অভিযান চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষকে সেল্ফ এনুমারেশনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
প্রসঙ্গত, রবিবার জেলা আয়ুক্ত জয় বিকাশ আনুষ্ঠানিকভাবে দু’টি প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন। এই প্রচার গাড়িগুলি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে জনগণনার সেল্ফ এনুমারেশন সংক্রান্ত বার্তা পৌঁছে দিচ্ছে।
এছাড়াও, হাইলাকান্দি রাজস্ব সার্কলের উদ্যোগে মাইকযোগে বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে। সেল্ফ এনুমারেশন প্রক্রিয়া, এর গুরুত্ব এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
অন্যদিকে, জেলা আয়ুক্ত কার্যালয়ে স্থাপিত এনুমেরেশন সেন্টার ও হেল্প ডেস্কে আগত নাগরিকদের সেল্ফ এনুমারেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে সেল্ফ এনুমারেশন সম্পন্ন করে সেনসাস-২০২৭-কে সফল করার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।



