মাইন্ডফুল মুভস: খুদে দাবারুদের মানসিক বিকাশে চেস অ্যাকাডেমিতে যৌগিক ওয়েলনেস কর্মসূচি নিরাময়-এর

Spread the news

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : দাবা খেলার টেবিলে ছক কষে চাল দিতে প্রয়োজন থাকে অপরিসীম মানসিক স্থিরতা, ধৈর্য আর একাগ্রতা। আর নিয়মিত যোগ অনুশীলন কিন্তু এমন প্রয়োজন মেটানোর এক অনন্য পন্থা। এই বিষয়কে মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল লিটল শিলচরের ‘নিরাময় -স্কুল অব যোগ এডুকেশন’। শহরের ‘দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমি’র সৌজন্যে ও ব্যবস্থাপনায় রবিবার , ২ আগস্ট আয়োজিত হল ‘মাইন্ডফুল মুভস’ শীর্ষক খুদে দাবারুদের জন্য এল বিশেষ ধ্যান ও প্রাণায়াম শিবির।

ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন ‘যোগ সার্টিফিকেশন বোর্ড’ অনুমোদিত এবং ‘ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন’-এর সদস্য প্রতিষ্ঠান ‘নিরাময়’। খুদে দাবারুদের মনস্তাত্ত্বিক বিকাশ ও খেলার চাপ সামলানোর কৌশল শেখাতে তারা হাত মিলিয়েছিল চেস অ্যাকাডেমির সঙ্গে।

উদ্বোধনী পর্বে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাময়’-এর অধিকর্তা শতাক্ষী ভট্টাচার্য। তিনি বয়স উপোযোগী বিভিন্ন প্রক্রিয়ার হাতে-কলমে অনুশীলন দেন। যৌগিক প্রক্রিয়ায় প্রতিযোগিতার মানসিক চাপ দূর করা, মনকে একমুখী করা সহ অযাচিত অস্থিরতা এড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। হয় প্র্যাকটিক্যাল সেশনও।

আয়োজকদের কথায়, দাবাবোর্ডে সেরাটা দিতে হলে শরীর অপেক্ষা মনের সুস্থতা ও প্রশান্তি বেশি জরুরি। একটি শান্ত মনই কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কেবল ট্রফি জেতাই শেষ কথা নয়, শিশুদের সামগ্রিক চরিত্র গঠন ও আত্মবিশ্বাস বাড়াতেও এই চর্চা সমান কার্যকরী। প্রথম দিনের শিবিরে প্রায় ৪০ জন খুদে শিক্ষার্থী অত্যন্ত আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্রাথমিক সাফল্যকে সঙ্গী করে আগামী দিনেও প্রতি মাসে অন্তত এক দিন করে লিটল ট্রি হাউস চেস অ্যাকাডেমিতে এই নিয়মিত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *