মতিনগরে যৌথ অভিযানে ২৮ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট :
কাছাড় জেলার লক্ষীপুর থানার অধীন ভুবন পাহাড়ের পাদদেশে মতিনগর এলাকায় ৩৮ আসাম রাইফেলস ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার হয়েছে। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ধৃতদের কাছ থেকে মোট ১ লক্ষ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৪ কেজি। এছাড়া ১০টি সাবান কেসে বিশেষভাবে লুকিয়ে রাখা ২২৩ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের নমুনা পরীক্ষা করে ইয়াবা ও হেরোইনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হল মায়াজুল হক, স্টেলমন এবং নুর হোসেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনজনই কচুদরম থানা এলাকার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ আইন (এনডিপিএস)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক পাচার চক্রের সঙ্গে ধৃতদের সম্ভাব্য যোগসূত্র, উদ্ধার হওয়া চালানের উৎস এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *