বরাক তরঙ্গ, ২ আগস্ট : শিলচরের ইটখলা স্বামীজি রোডের চৈতন্য নগর পাঠশালায় রবিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত স্বপ্না আর্ট এন্ড ক্রাফট ইনস্টিটিউশনের আয়োজনে এবং করেক্স কোম্পানির সহযোগিতায় গ্রীষ্মকালীন সামার ক্যাম্প ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এবং ট্রেডিশনাল পেইন্টিং, পিচাওয়াই আর্ট ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত দক্ষতা উন্নয়নমূলক সেশনে অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, ট্রেডিশনাল পেইন্টিং বা ঐতিহ্যবাহী চিত্রশিল্প প্রাচীনকাল থেকে চলে আসা সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি, যা সাধারণত হাতে তৈরি প্রাকৃতিক রং, সূক্ষ্ম রেখা এবং লোকগাথার উপর ভিত্তি করে তৈরি হয়। কর্মশালার বিভিন্ন সেশনেই অংশগ্রহণকারীরা নতুন কৌশল অনুশীলন করেন, সৃজনশীলতা উন্মোচিত করেন এবং স্থানীয় শিল্প ও শৈলীর প্রতি অনুপ্রেরণা পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্না আর্ট এন্ড ক্রাফট ইনস্টিটিউশনের অধ্যক্ষ বাপন নাগ, প্রশিক্ষক অনামিকা বৈদ্য, মেঘা দাস ও তিতলি মন্ডল। গুয়াহাটি থেকে আসা করেক্স কোম্পানির প্রশিক্ষক বিট্টু দাসও কর্মশালায় বিশেষ ভূমিকা নেন। অনুষ্ঠানে অঞ্চলের বিশিষ্ট চিত্রশিল্পী সন্দীপন দত্ত পুরকায়স্থকে সম্মাননা জানানো হয়; অধ্যক্ষ বাপন নাগ গলায় উত্তরীয় পরিয়ে তাকে স্মারক তুলে দেন।
সমাপ্তিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে শংসাপত্র বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে ভবিষ্যতে শিল্পচর্চা আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা চালিয়ে স্থানীয় তরুণদের মধ্যে শিল্প ও সংস্কৃতিকে প্রসারিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।



