মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : বদরপুরে আজমল সুপার-৪০-এর উদ্যোগে নিট (NEET) পরীক্ষায় উত্তীর্ণ ১০১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠান মানবতা ও সামাজিক দায়বদ্ধতার এক ব্যতিক্রমী বার্তা বহন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের কর্ণধার, বিধায়ক বদরুদ্দিন আজমল।
সংবর্ধনার পাশাপাশি সম্প্রতি উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভবিষ্যতের চিকিৎসকদের উদ্দেশে আজমল বলেন, একজন চিকিৎসকের দায়িত্ব শুধু রোগীর চিকিৎসায় সীমাবদ্ধ নয়, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোও তাঁর নৈতিক কর্তব্য।
এই আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরাও বন্যার্তদের সহায়তায় উদারহস্তে অনুদান দেন। এআইইউডিএফ নেতা সাহাব উদ্দিন ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন। আয়োজকদের দাবি, বিভিন্ন দাতার সহযোগিতায় অল্প সময়েই ত্রাণ তহবিলে প্রায় সাড়ে চার লক্ষ টাকা সংগ্রহ হয়।
বক্তারা বলেন, আজমল সুপার-৪০ শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করছে না, সমাজের প্রতি দায়বদ্ধ ও মানবিক ভবিষ্যৎ চিকিৎসক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।



