বরাক তরঙ্গ, ২ আগস্ট : রাজ্যে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৭ সালের জনগণনার প্রথম পর্যায়ের স্ব-গণনা (সেলফ এনুমারেশন) কার্যক্রম। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দুই ধাপে এই জনগণনা সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে নাগরিকরা ১৬ আগস্ট পর্যন্ত অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপর ১৭ আগস্ট থেকে সরকারি নিযুক্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু করবেন।
স্ব-গণনা কার্যক্রমের উদ্বোধনী দিনেই রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱা নিজের বাসভবন থেকে অনলাইনে স্ব-গণনা সম্পন্ন করেন। পরে তিনি রাজ্যের সকল নাগরিককে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, অনলাইন স্ব-গণনার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও ব্যবহারবান্ধব। পরিবারের যে কোনও সদস্য স্মার্টফোন, কম্পিউটার বা ইন্টারনেট-সংযুক্ত অন্য যেকোনও ডিভাইসের মাধ্যমে সরকারি পোর্টাল https://se.census.gov.in-এ প্রবেশ করে স্ব-গণনা সম্পন্ন করতে পারবেন।
তিনি জানান, স্ব-গণনার সময় পরিবারের বাসস্থানের ধরন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, এলপিজি সংযোগ, স্মার্টফোন, ডিশ টিভিসহ বিভিন্ন মৌলিক তথ্যের পাশাপাশি বাড়ির জিপিএস অবস্থানও নথিভুক্ত করার সুযোগ রয়েছে।
অর্থমন্ত্রীর বক্তব্য, জনগণনার মাধ্যমে সংগৃহীত তথ্য ভবিষ্যতে জনকল্যাণমূলক নীতি প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেক নাগরিকের এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করা দায়িত্ব ও কর্তব্য।
তিনি আরও জানান, ২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত স্ব-গণনার অনলাইন পর্ব চলবে। এরপর ১৭ আগস্ট থেকে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্যের সত্যতা যাচাই করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।



