উজান অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী, ক্ষয়রোধে ৯০ কোটি টাকার প্রকল্পের আশ্বাস

Spread the news

বরাক তরঙ্গ, ২ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে চার দিনের সফরে রবিবার ডিব্রুগড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় বিমানবন্দর থেকে তিনি প্রথমে চাবুয়ার মূলুকগাঁওয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জ্যেষ্ঠ ভ্রাতা মিষ্ট প্রসাদ সোনোয়ালের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এরপর মুখ্যমন্ত্রী চাবুয়ার পুখুরীজান এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙনপ্রবণ অঞ্চল পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে এই এলাকার নদীভাঙন স্থানীয় মানুষের অন্যতম প্রধান সমস্যা। পরিদর্শন শেষে তিনি বলেন, “চাবুয়া সমষ্টিতে যে নদীভাঙন চলছে, তা আমরা পর্যবেক্ষণ করেছি। বিভাগ ধাপে ধাপে কাজ করলেও সামগ্রিকভাবে পুরো প্রকল্প বাস্তবায়ন না হলে ক্ষয়ক্ষতি অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, “গুয়াহাটির আইআইটির বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কীভাবে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে বিভাগ ৯০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তুত করেছে। ওই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের চেষ্টা করা হবে। এবারের মতো পরিস্থিতি যাতে আগামী বছর সৃষ্টি না হয়, সেজন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে।”

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বন্যায় ঠিক কতটা ক্ষতি হয়েছে, তার সঠিক হিসাব কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরাইদেউ ও শিবসাগর জেলায়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।”

চাবুয়া-লাহোয়াল কেন্দ্রের দধিয়া লাইকা এলাকার পুনর্বাসন প্রসঙ্গে তিনি জানান, “পুনর্বাসনের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। স্থানীয় বিধায়করা এ বিষয়ে মানুষের সঙ্গে আলোচনা করবেন। যারা সেখানে যেতে ইচ্ছুক, তাদের জন্য জমি প্রস্তুত রয়েছে এবং বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *