মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে শনিবার শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দ্বি-দিবসীয় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান-২০২৬’। দলীয় আদর্শ, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের বিকাশ, জনসংযোগ এবং জনসেবার মানসিকতা আরও সুদৃঢ় করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, মন্ত্রী কৌশিক রায়, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ, জেলা প্রভারী দীপায়ন চক্রবর্তী, প্রদেশ বিজেপির প্রশিক্ষণ মহাঅভিযানের আহ্বায়ক ব্রজ কুমার দাস, শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশনরঞ্জন দাস-সহ দলের একাধিক শীর্ষ নেতা।

বক্তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের শেষ সারির মানুষের কল্যাণ নিশ্চিত করাই প্রকৃত জনসেবার মূল উদ্দেশ্য। তাঁরা কর্মীদের আদর্শনিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা, জনসংযোগ বৃদ্ধি এবং মানুষের আস্থা অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দ্বি-দিবসীয় এই প্রশিক্ষণ শিবিরে দলের ইতিহাস, আদর্শ, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব বিকাশ, বুথ ব্যবস্থাপনা, সামাজিক দায়বদ্ধতা, জনকল্যাণমূলক কর্মসূচি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহারসহ বিভিন্ন বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবারও প্রশিক্ষণ মহাঅভিযানের একাধিক গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ কর্মসূচি কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে।



