দুর্গাবাহিনী দক্ষিণ-পূর্ব প্রান্তের সাত দিবসীয় শৌর্য প্রশিক্ষণ বর্গ সম্পন্ন

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই :
বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম দুর্গাবাহিনী দক্ষিণ-পূর্ব প্রান্তের উদ্যোগে শিলচর রামনগর স্থিত বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে ২২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী শৌর্য প্রশিক্ষণ বর্গ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। শৃঙ্খলা, আত্মনির্ভরতা, নেতৃত্বের বিকাশ এবং জাতীয় ও সাংস্কৃতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ বর্গে মোট ৬৭ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষিকা, ৪ জন প্রবন্ধক এবং ৮ জন প্রবন্ধিকা অংশগ্রহণ করেন। প্রতিদিন ভোর সাড়ে ৪টায় জাগরণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হতো। এরপর ধারাবাহিকভাবে শারীরিক প্রশিক্ষণ, বৌদ্ধিক সত্র, চর্চা সত্র, কৃতি সত্র এবং বিকেলে পুনরায় শারীরিক অনুশীলন ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। রাত ১০টায় দীপ নিবারণের মাধ্যমে প্রতিদিনের কর্মসূচির সমাপ্তি ঘটত।

প্রশিক্ষণ বর্গে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উদ্দেশে বৌদ্ধিক প্রদান করেন বিশ্ব হিন্দু পরিষদের অখিল ভারতীয় মাতৃশক্তি প্রমুখ সরোজ সোনি, বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন মহামন্ত্রী বিনায়ক দেশপান্ডে এবং ক্ষেত্র ধর্ম প্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল।

তাঁদের বক্তব্যে জাতীয় চরিত্র গঠন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় যুবসমাজ ও নারীশক্তির সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, সমাজ ও জাতির উন্নয়নের জন্য ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সেবামূলক মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। তাঁরা আত্মশক্তির বিকাশ, আত্মরক্ষা, শৃঙ্খলাবোধ, সংগঠিত জীবনযাপন এবং পারিবারিক ও সামাজিক মূল্যবোধকে শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি বর্তমান সময়ে সামাজিক ঐক্য, নৈতিক শিক্ষা, চরিত্র গঠন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।

এই প্রশিক্ষণ বর্গের বর্গাধিকারী হিসেবে দায়িত্ব পালন করেন কাছাড় কলেজের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অসীমা ভট্টাচার্য। এছাড়াও সমগ্র আয়োজনের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুর্গাবাহিনীর প্রান্ত সংযোজিকা পাপিয়া ভট্টাচার্য। আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ শিবির অংশগ্রহণকারীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, দেশপ্রেম, সাংগঠনিক দক্ষতা ও সেবার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সমাজ ও জাতির কল্যাণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *