রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচর শহরের তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা লেনে সরকারি নালার উপর চলাচলের পথ বন্ধ করে মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনায় এলাকার একাংশের বাসিন্দারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
অভিযোগে জানানো হয়েছে, শ্রীমা লেনের নিচের অংশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারি নালার উপর নির্মিত একটি বাঁশের সাঁকো ব্যবহার করে যাতায়াত করতেন। তবে কয়েক বছর ধরে সাঁকোটির সংস্কার না হওয়ায় সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে বিকল্প পথ ব্যবহার করলেও ভবিষ্যতে ওই পথটি পুনরায় চালুর আশা ছিল স্থানীয়দের।
বাসিন্দাদের অভিযোগ, এই পরিস্থিতির সুযোগ নিয়ে গলির উপরের অংশের কয়েকজন ব্যক্তি নালার সামনে দেওয়াল নির্মাণের উদ্যোগ নেন। পরে গত ২৮ জুলাই সকালে ওই স্থানে একটি পাকা মন্দির নির্মাণের প্রস্তুতি ও নির্মাণকাজ শুরু হয়। বিষয়টি জানতে পেরে নিচের অংশের বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান। তাঁদের আপত্তির মুখে নির্মাণকাজ আপাতত বন্ধ হয়ে যায়।
তবে অভিযোগ, সংশ্লিষ্টরা ভবিষ্যতেও ওই স্থানে মন্দির নির্মাণের পরিকল্পনা চালিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। এতে নালার উপর দিয়ে চলাচলের পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা প্রশাসনের কাছে সরকারি নালার উপর জনসাধারণের চলাচলের পথ সংরক্ষণ, যেকোনো অবৈধ নির্মাণ রোধ এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।



