শ্রীকোণায় লরি-বোলেরো-অটো-স্কুটির সংঘর্ষে নিহত ২, আহত ৪

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচরের শ্রীকোণা এলাকায় ওএনজিসি বেস ক্যাম্প সংলগ্ন সড়কে মঙ্গলবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। লরি, বোলেরো পিকআপ ভ্যান, ইলেকট্রিক অটো ও একটি স্কুটিকে জড়িয়ে এই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে প্রথমে একটি লরির সঙ্গে বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরোটি পাশে থাকা একটি ইলেকট্রিক অটোতে সজোরে ধাক্কা মারে। এরপর ওই অটোটি একটি স্কুটির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্রীকোণা মাছঘাট সাহারজুমের বাসিন্দা সুশীল চক্রবর্তী (৪৬) এবং শিলচরের সৈদপুর প্রথম খণ্ডের রাজু লস্কর (৪৮)। তাঁদের দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রাজু লস্কর ইলেকট্রিক অটোর যাত্রী ছিলেন।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালক কওসর আহমদ লস্কর, শ্রীকোণা সাহারজুমের প্রসেনজিৎ দাস, শিবকুমার দাস এবং দিলওয়ার হোসেন। তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিলচর-শ্রীভূমি সড়কে একাংশ যানবাহনের বেপরোয়া গতিতে চলাচলের কারণেই বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ওই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *