২৫ বছরের পথচলার স্মারক, ২ আগস্ট উন্মোচিত হবে ‘খোঁজ’-এর বিশেষ স্মরণিকা

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সমাজসেবা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগে ২৫ বছরের পথচলাকে তুলে ধরে ‘খোঁজ’ ক্রীড়া ও সামাজিক সংস্থার বিশেষ স্মরণিকা আগামী ২ আগস্ট উন্মোচিত হবে। রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে শিলচরের পার্ক রোডস্থিত সঙ্গীত বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মরণিকাটির প্রকাশ করা হবে। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার সভাপতি ডাঃ মাসুম ও সাধারণ সম্পাদক সজল লস্কর। এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান খান, কোষাধ্যক্ষ কামাল লস্করসহ অন্যান্য পদাধিকারীরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় ক্যান্সার হাসপাতালের পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত চিকিৎসক ডাঃ রবি কান্না। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবী ও সাংস্কৃতিক জগতের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন।

স্মরণিকার সম্পাদক কল্যাণকুমার চক্রবর্তী অসুস্থ থাকলেও অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানানো হয়। তাঁর সম্পাদনায় প্রকাশিত এই স্মরণিকায় ১৯৯৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ‘খোঁজ’-এর সমাজসেবামূলক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানবকল্যাণমূলক উদ্যোগ, সদস্যদের স্মৃতিচারণ এবং বিশিষ্টজনদের মূল্যবান লেখার সংকলন স্থান পেয়েছে।

এছাড়া সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে গত ২৫ বছরের সংগ্রাম, সাফল্য, চ্যালেঞ্জ, সামাজিক দায়বদ্ধতা, মানবসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত বিবরণও স্মরণিকায় তুলে ধরা হয়েছে। সংগঠনের নেতৃত্বের দাবি, এটি শুধু একটি প্রকাশনা নয়, বরং ‘খোঁজ’-এর ২৫ বছরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা আগামী প্রজন্মের কাছে সংস্থার আদর্শ ও অবদানের পরিচয় বহন করবে।
সংস্থার পক্ষ থেকে আগামী ২ আগস্টের স্মরণিকা উন্মোচন অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *