বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং মহীতোষ পুরকায়স্থ মূর্তি প্রতিষ্ঠা কমিটির যৌথ উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন মন্ত্রী, জননেতা ও বরাক চা শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত মহীতোষ পুরকায়স্থের ১০৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মহীতোষ পুরকায়স্থ অসম তথা বরাক উপত্যকার শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। চা-শ্রমিকদের সংগঠিত করা, তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে নেতৃত্ব প্রদান এবং শ্রমিকদের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও শ্রমিকদের মুখপত্র ‘শ্রমিক পত্রিকা’-র প্রথম সম্পাদক হিসেবে তাঁর অবদান আজও স্মরণীয়।
আলোচনা সভায় বক্তারা মহীতোষ পুরকায়স্থের শ্রমিক আন্দোলন, মাতৃভাষা আন্দোলন এবং বরাক উপত্যকার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি অজিত সিং, অধ্যাপক বিভা গীর্বাণ, অধ্যাপক রঞ্জন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মহাবীর প্রসাদ জৈন, মহীতোষ পুরকায়স্থের নাতনি গৌরী দত্ত বিশ্বাস, অধ্যাপক বিভাস রঞ্জন চৌধুরী, কছাড় কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও ইউনিয়নের উপদেষ্টা সন্তোষ রঞ্জন চক্রবর্তী, বাবুল কানুসহ সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
উল্লেখ্য, মহীতোষ পুরকায়স্থের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে শিলচর শহরে তাঁর একটি প্রতিমূর্তি স্থাপনের লক্ষ্যে গঠিত ‘মহীতোষ পুরকায়স্থ মূর্তি প্রতিষ্ঠা কমিটি’ ইতিমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।



