অসমের বন্যাদুর্গতদের পাশে সলমন খান, ‘বিয়িং হিউম্যান’-এর উদ্যোগে শুরু ত্রাণ বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : বলিউড সুপারস্টার সলমন খান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সমাজসেবামূলক সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা শুরু হয়েছে। মিড-ডে-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে মুম্বইয়ে পরিচালক ভামসি পাইদিপল্লির একটি নামহীন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকলেও সলমন খান সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) অসম-এর সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া। প্রথম পর্যায়ে শিবসাগর জেলার বন্যাকবলিত পরিবারগুলিকে সহায়তা করা হচ্ছে।

গুয়াহাটি থেকে পাঠানো হচ্ছে প্রস্তুত-খাদ্য ত্রাণ প্যাকেট, যাতে রয়েছে বিস্কুট, গুড়, চিঁড়া, মুড়ি, পাউরুটি, চিজ ও জ্যাম। প্রতিটি প্যাকেট একটি পরিবারের প্রায় তিন দিনের খাদ্যচাহিদা পূরণ করতে সক্ষম। এছাড়াও স্বেচ্ছাসেবীরা বিশুদ্ধ পানীয় জল, জল পরিশোধন ট্যাবলেট, স্যানিটারি প্যাড এবং মশার কয়েল বিতরণ করছেন, যাতে বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণের আশঙ্কা কমানো যায়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ত্রাণ কার্যক্রমের পরবর্তী পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে রেশন সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *