অসম বিধানসভায় একদিনে ৭টি গুরুত্বপূর্ণ বিল পাস, বুধবার শেষ হচ্ছে বাজেট অধিবেশন

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : অসম বিধানসভার বাজেট অধিবেশনের ত্রয়োদশ দিনে, মঙ্গলবার একাধিক গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের মধ্য দিয়ে সাতটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিল বিধানসভায় উত্থাপন করা হয়। সদনে শিল্প ও বাণিজ্য মন্ত্রী রামেশ্বর তেলির প্রস্তাবে ‘অসম দোকান ও প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০২৬’ গৃহীত হয়।

এছাড়া, অর্থমন্ত্রী অজন্তা নেওগের পক্ষে সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজরিকার উত্থাপিত ‘অসম পর্যটন (উন্নয়ন ও নিবন্ধন) (সংশোধন) বিল, ২০২৬’-ও সর্বসম্মতভাবে পাস হয়।

একইভাবে, ‘অসম ক্ষুদ্র, লঘু ও মাঝারি উদ্যোগ (প্রতিষ্ঠা ও পরিচালনা সহজীকরণ) বিল, ২০২৬’, ‘অসম জন বিশ্বাস (আইন সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘অসম ব্যবসা পরিচালনার সহজীকরণ (সংশোধন) বিল, ২০২৬’-ও গৃহীত হয়। এই বিলগুলিও মন্ত্রী বিমল বড়ার পক্ষে পীযূষ হাজরিকা বিধানসভায় উত্থাপন করেন।

এদিকে, মন্ত্রী কৌশিক রায়ের প্রস্তাবিত ‘গুয়াহাটি উপগ্রহ শহর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘অসম রাজ্য বিধানসভার সদস্যদের (অযোগ্যতা অপসারণ) (সংশোধন) বিল, ২০২৬’-ও পাস হয়েছে।

অন্যদিকে, শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু মঙ্গলবার বিধানসভায় ‘অসম রাজ্য উচ্চ শিক্ষা পরিষদ বিল, ২০২৬’ উত্থাপন করেন।

উল্লেখ্য, ৬ জুলাই শুরু হওয়া অসম বিধানসভার বাজেট অধিবেশন বুধবারই শেষ হচ্ছে। মূলত ২১ দিনের এই অধিবেশন ৩১ জুলাই পর্যন্ত চলার কথা থাকলেও রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে অধিবেশনের মেয়াদ দুই দিন কমিয়ে ২৯ জুলাই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির (বিএসি) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষ ২০২৬-২৭-এর পূর্ণাঙ্গ বাজেট ১০ জুলাই বিধানসভায় পেশ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *