বরাক তরঙ্গ, ২৮ জুলাই : রাজ্যের প্রতিটি মানুষের কাছে উন্নত, সহজলভ্য ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বরাক উপত্যকাসহ বিভিন্ন জেলার স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক করলেন অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অশোক সিংহল। সোমবার দিসপুরে অনুষ্ঠিত এই বৈঠকে কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি এবং গোয়ালপাড়া জেলার স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি, বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জানা গেছে, গত ২০ জুলাই থেকে রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিনের বৈঠকে মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা, হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন, বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবার সম্প্রসারণ, ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করা এবং ‘যক্ষ্মামুক্ত ভারত’ অভিযানের অগ্রগতি নিয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল বৈঠকে স্বাস্থ্য ক্লাব, মোবাইল মেডিক্যাল ইউনিট (এমএমইউ), জাতীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে) এবং জাতীয় কিশোর স্বাস্থ্য কর্মসূচি (আরকেএসকে)-এর কার্যকর বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। তিনি বিধায়কদের নিজ নিজ এলাকায় বিদ্যালয়ভিত্তিক ও সম্প্রদায়ভিত্তিক স্বাস্থ্য ক্লাবকে আরও সক্রিয় করে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, দুর্গম অঞ্চলে মোবাইল মেডিক্যাল ইউনিটের মাধ্যমে চিকিৎসা পরিষেবা জোরদার, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও জন্মগত রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং কিশোর-কিশোরীদের পুষ্টি, মানসিক স্বাস্থ্য, ঋতুচক্রকালীন স্বাস্থ্যবিধি ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে সমবায়সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষান্দু পাল এবং সংশ্লিষ্ট জেলার বিধায়ক ডাঃ রাজদীপ রায়, রাজদ্বীপ গোয়ালা, বিজয় মালাকার, কিশোর নাথ, আমিনুল হক লস্কর, জুবের আনম মজুমদার, জাকারিয়া আহমেদ ও আমিনুল রশিদ চৌধুরী উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ এলাকার স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরার পাশাপাশি মানোন্নয়নের লক্ষ্যে একাধিক গঠনমূলক পরামর্শ দেন।
এছাড়া বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কমিশনার-সচিব ডাঃ পি অশোক বাবু, জাতীয় স্বাস্থ্য মিশন (অসম)-এর মিশন ডিরেক্টর ডাঃ লক্ষ্মণন এস, নির্বাহী পরিচালক ডাঃ অভিজিৎ শর্মাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে সংশ্লিষ্ট জেলাগুলিতে স্বাস্থ্য বিভাগের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন আরও গতিশীল করা, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী।



