সিয়াটেল ফুড ফেস্টিভালে এলোপাথাড়ি গুলি, মৃত অন্তত ২, আহত ৫

Spread the news

২৭ জুলাই : ফের আমেরিকায় বন্দুকবাজের হানা। ওয়াশিংটনের সিয়াটেলের জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ (Bite of Seattle) খাদ্য উৎসবে আচমকাই চলে এলোপাথাড়ি গুলি। রবিবার রাতে গুলির শব্দে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সেখানকার পুলিশ জানিয়েছে, ঘটনায় অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ২ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে একটি ২ বছরের শিশুও।ঘটনায় মুহূর্তের মধ্যে ফেস্টিভালে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি পুলিশের।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ সিয়াটেল সেন্টারের ভিড়ের মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একাধিক গুলির আওয়াজে হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করেন। কেউ মাটিতে শুয়ে পড়েন, কেউ খাবারের স্টল, আশপাশের বিল্ডিংয়ের ভিতরে আশ্রয় নেন। কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়।

সিয়াটেল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি ছোট শিশু, ২৩ বছরের এক যুবক এবং দুই প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন। তাঁদের সিয়াটলের হারবারভিউ মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *