রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শুক্রবার গভীর রাতে অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেছে ধলাই থানার পুলিশ।
সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত আগাম তথ্যের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ সর্মেশ্বর কুয়রে এবং লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে নাকা তল্লাশি পয়েন্টে ওৎপেতে অবস্থান নেয়।
রাত প্রায় সাড়ে ১২টার দিকে মিজোরাম থেকে অসমের দিকে আসা এএস-০১-এফসি-৬৫১৩ নম্বরের একটি ১২ চাকার লরি নাকা তল্লাশি পয়েন্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় লরিটির গোপন চেম্বার থেকে ১০২টি হেরোইনভর্তি সাবানের কেস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই লরিতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হল শিলচরের সাবির হোসেন লস্কর এবং সোনাবাড়িঘাটের সেলিম আমিনুল লস্কর।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীবকুমার শইকিয়া। তিনি উদ্ধার অভিযান তদারকি করেন। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ১২৪৩.৭ গ্রাম বাজারমূল্য ৬.৫ কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বৃহত্তর মাদক চক্রের সন্ধানেও তদন্ত শুরু হয়েছে।



