ভাঙ্গারপার বাজার সংলগ্ন শিলচর-কালাইন সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচর-কালাইন জাতীয় সড়কের ভাঙ্গারপার বাজার সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন চালক ও পথচারীদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অটো, বাইক, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী যানসহ বিভিন্ন ধরনের যানবাহনকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। সামান্য অসাবধানতায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

বর্ষাকালে গর্তে জল ও কাদা জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। অন্যদিকে রোদ উঠলে ধুলোর কারণে যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশ দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *