বরাক তরঙ্গ, ২৫ জুলাই : দেশের শিক্ষাক্ষেত্রে চলমান বিভিন্ন অনিয়ম ও নীতিগত প্রশ্নকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র উদ্যোগে অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে সিআরপিসি আসাম। শুক্রবার সংগঠনের সচিব প্রধান সাধন পুরকায়স্থের নেতৃত্বে শিলচর থেকে একটি প্রতিনিধি দল জনতর মন্তরে পৌঁছে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমর্থন জানায়।
প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী সাধন পুরকায়স্থ বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কিন্তু আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান, বলপ্রয়োগ ও দমনমূলক পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর বলপ্রয়োগ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
সিআরপিসি আসামের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উত্থাপিত দাবির প্রতি তারা পূর্ণ সমর্থন জানায়। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার খর্বের যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের প্রতি সংযম প্রদর্শন ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাধন পুরকায়স্থ আরও জানান, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা তুলে ধরে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও আন্দোলনকারীদের পাশে থাকবে সিআরপিসি আসাম। সংগঠনের মতে, দেশের গণতন্ত্র ও শিক্ষাব্যবস্থার স্বার্থে সংলাপ ও ন্যায়সঙ্গত সমাধানের পথই সবচেয়ে কার্যকর।
সংগঠনের বিবৃতিতে প্রশাসনের প্রতি মানবিক ও যুক্তিসঙ্গত মনোভাব গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে শিক্ষাক্ষেত্রে সুস্থ পরিবেশ ও সংস্কারের পথ আরও সুগম হবে।



