মহাদেববাড়ি লেনের বেহাল রাস্তা মেরামতে যুব শক্তি ক্লাব, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই
: দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে উদ্যোগী হল যুব শক্তি ক্লাব। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে ক্লাবের সদস্যরা আশ্রম রোডের অন্তর্গত মহাদেববাড়ী লেনের প্রায় ২০০ মিটার দীর্ঘ বেহাল রাস্তায় পাথর ফেলে মেরামতের কাজ সম্পন্ন করেন। ফলে বর্ষাকালে কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাটি আবারও যান ও পথচারীদের ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। জানা গেছে, প্রতি বর্ষাতেই রাস্তাটি কাদায় ঢেকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, প্রবীণ ও অসুস্থ রোগীদের যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দিত।

ক্লাবের সম্পাদক জিৎ দাস জানান, মহাদেববাড়ি লেনের বাসিন্দাদের দুর্ভোগের কথা জানার পর ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন। ব্যক্তিগত অর্থ, শ্রম ও সময় ব্যয় করে তারা রাস্তার গর্তে পাথর ফেলে চলাচলের উপযোগী করে তোলেন।

এই কাজে ক্লাবের সভাপতি গোবিন্দ দাসের পাশাপাশি কার্যকরী সদস্য রিতেশ দাস, রাহুল দাস, সাইমুল দাস, অপূর্ব হালদার, রাজু দাস, যীশু দাস, সুজিত দাস, দেবু দাস, জয়ন্ত দাসসহ অন্যান্য সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

রাস্তাটি মেরামত হওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এতে তাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। এখন শিশুদের স্কুলে যাতায়াতসহ দৈনন্দিন চলাচল আরও নিরাপদ ও সহজ হবে।

যুব শক্তি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাস্তাটির স্থায়ী সংস্কারের দাবিতেও তারা উদ্যোগী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *