জরুরি শুনানি খারিজ, “আমাদের সময় নষ্ট করবেন না : প্রধান বিচারপতি

Spread the news


২২ জুলাই: দিল্লিতে আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের ঘটনায় দায়ের হওয়া মামলায় জরুরি শুনানির আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। মামলাকারীদের পক্ষের আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমাদের সময় নষ্ট করবেন না। নিজেদের সময়ও নষ্ট করবেন না।”

মামলাকারীদের আইনজীবী আদালতে ঘটনার কিছু ভিডিও ফুটেজ উপস্থাপন করতে চাইলে তাতেও অনীহা প্রকাশ করে বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, “কোনও ভিডিওতে আমাদের আগ্রহ নেই। আমাদের তা দেখার সময়ও নেই।” প্রসঙ্গত, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদ অভিযানের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। অভিযোগ, সেই কর্মসূচি চলাকালীন আন্দোলনরত পড়ুয়াদের উপর দিল্লি পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর ফলে বহু পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ।

এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করে জানিয়েছিল, “এ ধরনের বিষয়ে আদালতকে টেনে আনবেন না।”
এদিকে, আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সাদা পোশাক পরা কয়েকজন ব্যক্তির লাঠিচার্জে অংশ নেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ এবং বিরোধী দলগুলি এ বিষয়ে প্রশ্ন তুলেছে। কংগ্রেস নেতা দীপেন্দর সিং হুডা-সহ একাধিক সাংসদ ঘটনাস্থলের ছবি প্রকাশ করে দিল্লি পুলিশের কমিশনারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *