বরাক তরঙ্গ, ২০ জুলাই : যোরহাট জেলার তিতাবরে দৈজান নদীর প্রবল বন্যার জলে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই কিশোরীর। সোমবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিল তিন কিশোরী। নদীর তীব্র স্রোতের কাছে পৌঁছতেই আচমকা তারা জলের তোড়ে ভেসে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন। তাদের চেষ্টায় এক কিশোরীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর দুই কিশোরীকে আর বাঁচানো যায়নি।
মৃত দুই কিশোরীর নাম সুস্মিতা মর্ধা এবং সুনিয়া পাহাড়িয়া। তাদের অকাল মৃত্যুর খবরে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে তিতাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় নদ-নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। প্রবল স্রোতের কারণে নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় অযথা নদীর ধারে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় তিতাবরজুড়ে শোকের আবহ বিরাজ করছে।



