ধলাইয়ে অটো থেকে উদ্ধার হেরোইন, গ্রেপ্তার চালক

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২০ জুলাই :
বরাক উপত্যকায় মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধলাই থানা পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে ধলাই থানার সামনে পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে একটি পেট্রোলচালিত অটো থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল প্রায় সাড়ে ৫টা নাগাদ ধলাই থানার সামনে নিয়মিত নাকা তল্লাশির সময় আগে থেকেই প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ভাগাবাজার থেকে শিলচরের উদ্দেশে আসা এএস-১১-ইসি-৫৮৯৩ নম্বরের একটি অটো থামানো হয়। গাড়িটির চালক ছিলেন শামাচরণপুর জিপির বাসিন্দা, ২৭ বছর বয়সি সেবুল হোসেন বড়ভূইয়া।

প্রাথমিক তল্লাশিতে সন্দেহজনক কিছু না মিললেও পুলিশের সন্দেহ দূর হয়নি। পরে অটোর চালকের আসনের ভেতরে অত্যন্ত কৌশলে তৈরি করা একটি গোপন খোপে লুকিয়ে রাখা চারটি সাবানের কৌটায় ভরা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তার করে ধলাই থানায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হচ্ছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *