বরাক তরঙ্গ, ১৮ জুলাই : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ‘ড্রাগ ডেভেলপমেন্ট এ স্ট্যাটিস্টিসিয়ান্স-এর ভূমিকা” শীর্ষক এক আন্তর্জাতিক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজের প্রাক্তনী তথা যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার অ্যাসোসিয়েট ডিরেক্টর (স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স) দেবশ্রী পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরডিও-র সিনিয়র সায়েন্টিস্ট ড. দেবাশিস দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের সমন্বয়ক ড. সুভাষ দেবনাথ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেলের পরিচালক জয়দীপ ভট্টাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন ড. সুভাষ দেবনাথ। মূল বক্তৃতায় দেবশ্রী পুরকায়স্থ ওষুধ উন্নয়নের বিভিন্ন পর্যায়ে পরিসংখ্যানবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি জানান, গবেষণায় সংগৃহীত তথ্যকে বৈজ্ঞানিক প্রমাণে রূপান্তর, ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা মূল্যায়ন, তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে পরিসংখ্যানবিদদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নতুন ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ক্লিনিক্যাল গবেষণার প্রতিটি ধাপে দক্ষ পরিসংখ্যানবিদের প্রয়োজন রয়েছে এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে কর্মসংস্থানের সুযোগও ক্রমশ বাড়ছে।
বক্তৃতা শেষে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ওষুধ উন্নয়ন, বায়োস্ট্যাটিস্টিক্স এবং সংশ্লিষ্ট পেশাগত সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।
বিশেষ অতিথি ড. দেবাশিস দেব বলেন, ভারতে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ থাকলেও দক্ষ মানবসম্পদের অভাব একটি বড় সমস্যা। তিনি শিক্ষার্থীদের নিজেদের বিষয় সম্পর্কে গভীর জ্ঞান অর্জন এবং পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি শুধু চাকরির প্রত্যাশায় না থেকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্দীপা দাস শীল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপিকা শ্রেষ্ঠা কর। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



