বরাক তরঙ্গ, ১৭ জুলাই : কালাইনের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এসআর কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ, গবেষক, প্রাক্তন শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিন পাল স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক সুব্রত ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মী নয়নেন্দু দাস, ললিত চন্দ্র কলেজের প্রতিনিধিবৃন্দ, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ড. পুলক মিলি, আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক অপরাজিতা ভট্টাচার্য ও ড. নয়ন দে, অমৃতা দাস পুরকায়স্থ, সৌমিলি ধরসহ বহু বিশিষ্ট অতিথি।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ভট্টাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা বলেন, দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষাক্ষেত্রে তাঁর সুদীর্ঘ অবদান এসআর কলেজকে শিক্ষা, গবেষণা ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও আন্তরিক আতিথেয়তার মধ্য দিয়ে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে। উপস্থিত সকলেই ড. বিশ্বজিৎ ভট্টাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে এসআর কলেজ আগামী দিনে শিক্ষার উৎকর্ষ ও মানোন্নয়নের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।



