মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : জেলার বিভিন্ন জনজীবন সংশ্লিষ্ট জ্বলন্ত সমস্যা, উন্নয়নমূলক দাবি এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতে আগামীকাল, শনিবার সকাল ১১-৩০ মিনিটে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিশাল গণর্যালি ও অবস্থান-ধর্মঘট কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে, করিমগঞ্জ শহরের ইন্দিরা ভবনস্থিত জেলা কংগ্রেস কার্যালয় থেকে সকাল ১১-৩০ মিনিটে র্যালিটি শুরু হবে। পরে র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে জেলা কমিশনারের কার্যালয়ের সামনে পৌঁছাবে। সেখানে জেলার বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে একটি ধরনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, করিমগঞ্জ জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাঁরা দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং জেলার সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে উপস্থিত থেকে গণআন্দোলনকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।



