বদরপুরের নাম পরিবর্তনের বিরোধিতায় ১৯ জুলাই নাগরিক অভিবর্তন

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বদরপুরের নাম পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আগামী ১৯ জুলাই রবিবার অনুষ্ঠিতব্য নাগরিক অভিবর্তন উপলক্ষে শুক্রবার বদরপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ‘বদরপুরের নাম পরিবর্তনের বিরুদ্ধে অভিবর্তন কমিটি’-র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বদরপুরের বিশিষ্ট নাগরিকরা নাম পরিবর্তনের যে কোনও প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন।

সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক মণ্ডলীর পক্ষে বিশিষ্ট সমাজসেবী মইনুল হক, প্রাক্তন অধ্যক্ষ হিফজুর রহমান এবং প্রবীণ সমাজকর্মী জমিল উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, ২০২৫ সাল থেকে পরিকল্পিতভাবে বদরপুরের নাম পরিবর্তনের চক্রান্ত শুরু হয়েছে। পাশাপাশি টাউন কমিটি এবং ঐতিহাসিক বদরপুর দুর্গের নাম পরিবর্তনেরও চেষ্টা চলছে বলে দাবি করেন তারা।

বক্তারা জানান, এই উদ্যোগের প্রতিবাদে গত ২ জুলাই বদরপুরের বিশিষ্ট নাগরিকরা সার্কল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। সেখানে শতাব্দীপ্রাচীন বদরপুরের ঐতিহাসিক গুরুত্ব, স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, ইতিহাসখ্যাত বদরপুর চুক্তি, বদরপুর রেল জংশন এবং বহু গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত এই জনপদের পরিচয় অক্ষুণ্ণ রাখার দাবি জানানো হয়েছে।

তাদের বক্তব্য, গণতান্ত্রিক রীতিনীতি উপেক্ষা করে এবং ঐতিহাসিক ঐক্য-সমন্বয়ের চেতনাকে অস্বীকার করে নাম পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা গভীর উদ্বেগের বিষয়। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষুণ্ন হলে আগামী প্রজন্ম নিজেদের পরিচয় ও অস্তিত্ব সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এই প্রেক্ষাপটে আগামী ১৯ জুলাই, রবিবার সকাল ১১টায় বদরপুর থানার নিকটবর্তী খান সুইটস সংলগ্ন ভবনে এক নাগরিক অভিবর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে বদরপুরের ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, সিআরপিসি-র সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ, প্রবীণ আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি সিহাব উদ্দিন, আইনজীবী সুব্রত পাল, সমাজকর্মী বদরুল হক চৌধুরী, সাহিত্যিক শিখা ভট্টাচার্য, সমাজসেবী রজত চক্রবর্তী, সংগ্রামী নেতা অরুণাংশু ভট্টাচার্য, প্রোজ্জ্বল দেবসহ আরও অনেকে।

সাংবাদিক সম্মেলন থেকে বদরপুরবাসীসহ সমগ্র বরাক উপত্যকার জনগণকে ১৯ জুলাইয়ের নাগরিক অভিবর্তনে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।

এদিনের সাংবাদিক সম্মেলনে কয়সর আহমেদ, রমিজ উদ্দিন চৌধুরী, লক্ষী দত্ত গুপ্ত, সৈয়দ হাবিবুর রহমান লিটন, সুজন আহমদ, মোস্তফা আহমদ, সিরাজ উদ্দিন, ইকরামা চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *