পদ্মশ্রী কবীন্দ্র পুরকায়স্থকে স্মরণে শিলচরে ‘পদ্মশ্রী গৌরব উদযাপন’

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই :
মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী ও জননেতা কবীন্দ্র পুরকায়স্থের স্মৃতির উদ্দেশে শিলচরে অনুষ্ঠিত হলো ‘পদ্মশ্রী গৌরব উদযাপন’ অনুষ্ঠান। সার্কিট হাউস রোডের একটি অনুষ্ঠান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক, শিক্ষাবিদ, সমাজসেবী ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ডা. রাজদীপ রায়, অমিয় কান্তি দাস, কিশোর নাথ, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। নৃত্যশিল্পী সিমরান সাহার গণেশ বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত ভাষণে কণাদ পুরকায়স্থ বলেন, পদ্মশ্রী সম্মান শুধু তাঁর পরিবারের নয়, বরং কবীন্দ্র পুরকায়স্থের আদর্শে বিশ্বাসী ও অনুপ্রাণিত সকল মানুষের সম্মান। তিনি পিতার কর্মনিষ্ঠা, মানবিকতা ও ক্ষমাশীলতার কথা স্মরণ করে বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর জীবনের প্রধান লক্ষ্য। তিনি কবীরের বাণী উদ্ধৃত করে বলেন, “পদ তোমার পরিচিতি নয়, তুমি পদের পরিচিতি।”
অনুষ্ঠানে কবীন্দ্র পুরকায়স্থের জীবন, কর্ম ও সমাজসেবামূলক অবদান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ অমলেন্দু ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী এবং সমাজসেবী মহাবীর প্রসাদ জৈন তাঁদের বক্তব্যে কবীন্দ্র পুরকায়স্থের শিক্ষকতা, সাংগঠনিক দক্ষতা, সততা এবং সমাজের প্রতি অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

সাংস্কৃতিক পর্বে সুব্রত রায়ের পরিচালনায় একটি নাটক মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে। এছাড়া গার্গী চক্রবর্তী, রথীন্দ্র চক্রবর্তী, কৌস্তভ পুরকায়স্থ ও দেবাঞ্জনা ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ যোগ করে। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন মঞ্জুষা পুরকায়স্থ ও মনোজ দেব। শেষে ধন্যবাদজ্ঞাপন করেন কুনাল পুরকায়স্থ।
বক্তারা একবাক্যে বলেন, কবীন্দ্র পুরকায়স্থের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ ও সমাজসেবার আদর্শ আগামী প্রজন্মের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *