ছাত্রী, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এআইডিএসও-র বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : ছাত্রী, নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা এবং স্পা-র আড়ালে চলা কথিত দেহব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। শুক্রবার শিলচর শহরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এআইডিএসও-র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য। তিনি দাবি করেন, গত পাঁচ বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের ওপর নির্যাতনের ঘটনা ৭৯ শতাংশ বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে নারী, শিশু ও কিশোরীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ছয় মাসের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীলতার প্রসার এবং মাদকের সহজলভ্যতা সমাজে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে। পাশাপাশি, সমাজের প্রভাবশালী ব্যক্তিদের একাংশ নারীদেহ ব্যবসার সঙ্গে যুক্ত বলেও অভিযোগ তোলেন তিনি। শিলচরের সাম্প্রতিক স্পা-কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনা সমাজের সামনে উদ্বেগজনক বাস্তবতাকে তুলে ধরেছে।

স্বাগতা ভট্টাচার্য জানান, নারী, শিশু ও ছাত্রীদের নিরাপত্তার দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৪ জুলাই এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের উদ্যোগে একটি জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে এআইডিএসও-র জেলা কমিটির সদস্য রীতা বাগতি, শেফালী দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *