বরাক তরঙ্গ, ১৬ জুলাই : থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ১২তম এশিয়ান এজ গ্রুপ অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী দিনেই ভারতের হয়ে সোনার পদক জিতে গৌরব বাড়ালেন অসমের প্রতিভাবান ডাইভার রূপম গগৈ। ভারতীয় সেনার এস/ক্যাডেট সুপ্রদীপ সাহার সঙ্গে জুটি বেঁধে ১৪–১৮ বছর বয়স বিভাগে প্ল্যাটফর্ম সিনক্রোনাইজড ডাইভিং ইভেন্টে ২২৯.৮৯ পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক জয় করেন তাঁরা। এই বিভাগে ভিয়েতনাম রৌপ্য এবং উজবেকিস্তান ব্রোঞ্জ পদক লাভ করে।
অসম সাঁতার সংস্থার প্রচার সম্পাদক মুকুটেশ্বর গোস্বামী জানান, পুনের এএসআই-এ প্রশিক্ষক এম. কুঞ্জকিশোরের তত্ত্বাবধানে দীর্ঘদিনের নিয়মিত অনুশীলনের ফলেই এই সাফল্য এসেছে। তিনি বলেন, রূপমের এই ঐতিহাসিক কৃতিত্ব অসম তথা সমগ্র দেশের জন্য গর্বের বিষয়।
এদিকে, অসম সাঁতার সংস্থার সাধারণ সম্পাদক ভাস্কররঞ্জন দাস, রূপম গগৈ ও সুপ্রদীপ সাহাকে অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।



