বিহালিতে বনকর্মীদের লক্ষ্য করে ৫০ রাউন্ড গুলি, অরুণাচলী দুষ্কৃতীদের বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগ

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : বিশ্বনাথ জেলার বিহালিতে ফের উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, অরুণাচল প্রদেশের একদল দুষ্কৃতী অসমের বনকর্মীদের লক্ষ্য করে প্রায় ৫০ রাউন্ড গুলি চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বিহালির বরগাং বনাঞ্চলে, যেখানে অসমের বনভূমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা চলছিল বলে অভিযোগ।

অসম ও অরুণাচল প্রদেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে এই অঞ্চলে প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয়। দুই রাজ্যের মধ্যে প্রায় ৮০৪.১০ কিলোমিটার দীর্ঘ আন্তঃরাজ্য সীমান্ত রয়েছে, যা ঔপনিবেশিক আমল থেকে চলে আসা একটি জটিল সমস্যা।

পূর্ব শোণিতপুর বন বিভাগের ডিএফও চম্পক ডেকার জানানো মতে, বরগাং বনাঞ্চলে অসমের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দিতে গেলে বনকর্মীদের লক্ষ্য করে দুষ্কৃতীরা প্রায় ৫০ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থল থেকে বন বিভাগ একটি খালি ম্যাগাজিনও উদ্ধার করেছে। উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগেও একই এলাকায় একই ধরনের গুলিচালনার ঘটনা ঘটেছিল।

ঘটনার পর বিশ্বনাথ বন বিভাগের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে অসমের বনভূমিতে অবৈধভাবে নির্মিত তিনটি ঘর উচ্ছেদ করে। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যান অসমের বনমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। তিনি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্পষ্ট জানান, কোনও অবস্থাতেই অসমের বনাঞ্চল দখল বা ধ্বংস হতে দেওয়া হবে না। বন বিভাগ ও পুলিশ যৌথভাবে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, কয়েকদিন আগেও একই বনাঞ্চলে মূল্যবান গাছ অবৈধভাবে কাটার সময় বাধা দিতে গেলে অরুণাচলী দুষ্কৃতীরা বনরক্ষী ও পুলিশকে লক্ষ্য করে প্রায় ১৬ রাউন্ড গুলি চালিয়েছিল। এই ধারাবাহিক ঘটনায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *