বরাক তরঙ্গ, ১৬ জুলাই : রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৩২৪০-এর জোন–১৫-এর অন্তর্গত রোটারি ক্লাব অব আইজল-এর ৩৫তম ইনস্টলেশন অনুষ্ঠান বৃহস্পতিবার আইজল ক্লাবের আরবি ম্যাকক্যাব হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোটারি বর্ষ ২০২৬–২৭-এর জন্য নবনির্বাচিত সভাপতি ও নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন রোটারিয়ান পার্থ প্রতিম ফুকন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের মঞ্চে অভ্যর্থনা, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর বিদায়ী সভাপতি রোটারিয়ান অনুপ ছেত্রী উপস্থিত সদস্য ও অতিথিদের স্বাগত জানান এবং বিগত রোটারি বর্ষে ক্লাবের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। এ সময় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদেরও সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পু বি. লালছানজোভা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট–৩২৪০-এর সহকারী জেলা গভর্নর (জোন–১৫) রোটারিয়ান ডা. অমিত কালওয়ার। তাঁদের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান জোই লালরিনপুই জন এবং নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী রোটারি ইন্টারন্যাশনালের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রোটারি বিশ্বের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
সম্মানিত অতিথি ডাঃ অমিত কালোয়ার তাঁর বক্তব্যে রোটারি ডিস্ট্রিক্ট–৩২৪০-এর জোন–১৫-এর অন্তর্গত রোটারি ক্লাব অব আইজলের গত ৩৫ বছরের নিরবচ্ছিন্ন সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আগামী দিনেও মানবসেবার আদর্শকে সামনে রেখে সমাজের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য ক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব আইজলের সদস্যদের পাশাপাশি রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর এবং রোটারি ক্লাব অব হাইলাকান্দি-র সদস্যরাও উপস্থিত থেকে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন। উল্লেখ্য, রোটারি ডিস্ট্রিক্ট–৩২৪০-এর জোন–১৫-এর অন্তর্গত বরাক উপত্যকার সকল রোটারি ক্লাবের পাশাপাশি রোটারি ক্লাব অব আইজলও এই জোনের অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে নতুন সদস্যদের শপথ গ্রহণ, বিশেষ সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, অতিথিদের শুভেচ্ছা বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের পর সৌহার্দ্য মিলন ও নৈশভোজের আয়োজন করা হয়।
রোটারি ইন্টারন্যাশনালের চলতি বর্ষের মূল প্রতিপাদ্য “স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি”-কে সামনে রেখে নবগঠিত নেতৃত্ব সমাজসেবা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



