বরাক তরঙ্গ, ১৫ জুলাই : রাজধানী গুয়াহাটিকে আরও আকর্ষণীয় ও নান্দনিক করে গড়ে তুলতে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে অসম সরকার। এর অংশ হিসেবে খানাপাড়া থেকে জালুকবাড়ি পর্যন্ত সড়কের দু’ধারে আজার গাছ রোপণ করা হবে। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনে এ কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
গুয়াহাটি মহানগরের সৌন্দর্যবর্ধন এবং কৃত্রিম জলাবদ্ধতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “খুব শীঘ্রই খানাপাড়া থেকে জালুকবাড়ি পর্যন্ত আজার গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় সড়ক এবং প্রস্তাবিত রিং রোডের নান্দনিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।”
অন্যদিকে, বিশেষ করে জোরাবাট এলাকার ভয়াবহ কৃত্রিম জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “গত পরশু জোরাবাটে জলাবদ্ধতার পরিস্থিতি আমি নিজে দেখেছি। গুয়াহাটি রিং রোড প্রকল্পে জোরাবাটকে এই সমস্যা থেকে মুক্তি দিতে দেড়শো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।”
তিনি জানান, প্রকল্পের নকশা প্রস্তুতের কাজ চলছে এবং সেই নকশা আইআইটি গুয়াহাটির অনুমোদনের জন্য পাঠানো হবে। রিং রোড নির্মাণের কাজ এগোলেই জোরাবাটের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “জোরাবাট অসম ও মেঘালয়ের সংযোগস্থল হওয়ায় সেখানে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। তাই ডিগারু থেকে নারেঙ্গি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জাগীরোড-সহ অন্যান্য দিক থেকে আসা যানবাহনের জন্য একটি বিকল্প পথ তৈরি হয়।”
উল্লেখ্য, গত কয়েক দিনের প্রতিটি বৃষ্টিতেই জোরাবাট এলাকায় তীব্র কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে এবং বহু যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। গুয়াহাটি থেকে বের হওয়া এবং গুয়াহাটিতে প্রবেশকারী অসংখ্য যানবাহন দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার কারণে চলাচল করতে পারেনি।


